বিলাইছড়ির পাহাড়ি ছড়াগুলো শুকিয়ে পানির জন্য হাহাকার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩০
রাঙ্গামাটি জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। পাহাড়ী যে সব ছড়া থেকে মানুষ পানি সংগ্রহ করতো তার প্রায় সবগুলোই শুকিয়ে গেছে। ছড়ায় পানি না থাকায় মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা বলেন, উপজেলার প্রধান ছড়াগুলোর মধ্যে বিলাইছড়ি, নাড়াইছড়ি, বাঙ্গালকাটা, বেগেনাছড়ি, ন-কাবাছড়া, তাগলকছড়া, গাছকাটাছড়া, দীঘলছড়ি ইত্যাদি অন্যতম। এসব ছড়ার সবগুলোই এখন পানিশূন্য। এ ছাড়াও শাখা এবং উপ-ছড়াগুলোতেও পানির ধারা দেখা যাচ্ছে না। যে কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। এক কলস পানির জন্য মানুষ দূর-দূরান্তে ছুটে বেড়াচ্ছে। অনেকে মাটি খুঁড়ে পানির সন্ধান করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার বলেন, মানুষের উদাসিনতা এবং অপরিকল্পিত বনায়নের জন্যও পানির সমস্যা হচ্ছে। তিনি বলেন, পাহাড়ে গাছ লাগানোর প্রয়োজন আছে ঠিকই। কিন্তু পরিবেশ উপযোগী গাছ না লাগালে উপকারের চেয়ে ক্ষতি হবার সম্ভাবনাই বেশি। তিনি বলেন, মানুষ বছরের পর বছর ধরে পাহাড়ে সেগুন গাছ রোপণ করছেন। সেগুন মূল্যবান গাছ তাই সবাই সেগুন বাগানের দিকে ঝুঁকছে। সেগুন গাছ অনেক দূর থেকেও পানি শোষন করে। যে কারণে পাহাড়ি ছড়াগুলো পানিশূন্য হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে পানিশূন্যতা চলছে বলে স্বীকার করেন। তিনি বলেন, আমরা সবাই এখন প্রকৃতির দয়ার দিকে চেয়ে আছি। বৃষ্টি হলে মানুষের ভোগান্তি দূর হবে বলেও তিনি জানান।