নানা আয়োজনে বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২২:০২
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, এ বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা নেয়ার ব্যাপারে রোগীদের আস্থা অতীতের তুলনায় অনেক বেড়েছে। বিগত সময়ের অনিয়ম দূরীকরণে প্রশাসন জোরালো পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ১৫০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের বর্হিবিভাগে প্রতি দিন গড়ে তিন হাজারেরও বেশি রোগীকে চিকিত্সাসেবা দেয়া হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে বৈকালিক স্পেশালাইজড আউটডোর সার্ভিস চালু করা হয়েছে। কোরিয়া সরকারের সহায়তায় একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কার্যক্রম চলছে। সাধারণ রোগীদের স্বার্থে জেনারেল জরুরি বিভাগও খোলা হবে। এ সময় অন্যান্যের মধ্যে প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রহুল আমিন মিয়া, প্রোভিসি- (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, বেসিক চিকিত্সা অনুষদের ডীন এবং বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ উপস্থিত ছিলেন।