নগরীর পতেঙ্গা থানাধীন জহুর আহমেদ বিমান ঘাঁটি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে বিমানের পাইলট প্যারসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেন। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিমানটির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্তেফাককে জানিয়েছেন। প্রশিক্ষণ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে চালক অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের পূর্ব মুহূর্তে বিমানের পেছন দিকে আগুন ধরে গেলে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আদিব প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। এরপর বিমানটি মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। বিমান ঘাঁটির অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
