চট্টগ্রামে ৪ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র শান্ত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৩৯
নগরীর ডবলমুরিং থানাধীন খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অনি পাটোয়ারী শান্তকে গত ৪ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাসা নগরীর মগ পুকুর পাড় বড়ুয়া পাড়া এলাকায়। গত রবিবার বেলা ১১টায় স্কুলে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। এরপর আর সে বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় শান্তর বাবা ডবলমুরিং থানায় জিডি করেছেন। জিডির তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং থানার এসআই গোলাম কিবরিয়া গতকাল বুধবার বলেন, শান্তর নিখোঁজ হওয়ার পেছনে অপহরণ জাতীয় কোন বিষয় নেই বলেই আমাদের ধারণা। পড়াশোনা না করায় শনিবার রাতে শান্তকে তার বাবা বকাঝকা করেন। হয়তো এ জন্য অভিমান করে সে বাসা থেকে পালিয়ে গেছে। তাকে খুঁজে পাওয়ার জন্য আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি।