ইরান থেকে দেশে ফিরলো পাচার হওয়া আরো ২২ জন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৪৫
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভালো চাকরির প্রলোভন দিয়ে ইরানে নিয়ে যাওয়া আরও ২২ জন বাংলাদেশিকে গতকাল বুধবার সকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে তৃতীয় ধাপে মোট ৪৩ জনকে ফিরিয়ে আনা হলো। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সিআইডি কর্মকর্তারা জানান, অপহরণ করে ইরানে নিয়ে যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার এটি তৃতীয় পর্যায়। এর আগে, প্রথম ধাপে ১৭ এপ্রিল ১২ জন, দ্বিতীয় ধাপে ২৫, এপ্রিলে ৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, দুবাই ও ওমানে কয়েকটি বাংলাদেশি প্রতারক চক্র রয়েছে। চক্রগুলো সেখানে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ইরান, গ্রিস এবং তুরস্ক নিয়ে যায়। শ্রমিকদের বলা হয়, ইরান, গ্রিস ও তুরস্কের মতো দেশগুলোতে মাসে ৫০ হাজার টাকা আয় হবে, সঙ্গে থাকা-খাওয়া কোম্পানির। সিআইডি কর্মকর্তারা বলেন, এমন লোভনীয় কথায় শ্রমিকরা বিশ্বাস করে সেখানে যায়। কিন্তু যাওয়ার পথে আরব সাগরের মধ্যে তাদের জাহাজ থেকে নামিয়ে স্পিডবোটে উঠানো হয়। এরপর ইরানের বন্দর আব্বাস পার করে নিয়ে যাওয়া হয় জঙ্গলের মধ্যে। সেখানে তাদের কাছ থেকে ৫-১০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়। যারা মুক্তিপণের টাকা দিতে পারেন তারা টাকা দিয়ে দেশে ফিরে আসেন। আর যারা টাকা দিতে পারেন না তাদের ওপর অমানসিক নির্যাতন চালায় দালাল চক্র। এরকম প্রায় ৮০ জন প্রতারিত ব্যক্তির খোঁজ পায় বাংলাদেশের সিআইডি পুলিশ। ইরানি পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। এরপর তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত তৃতীয় ধাপে ৮০ জনের মধ্যে মোট ৪৩ জনকে ফিরিয়ে আনা হলো।