মঠবাড়িয়ায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

আপডেট : ২৫ মে ২০১৯, ১৬:৩০

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে (১২) যৌন নিপীড়ন ও বলাৎকারের অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামের গণশিক্ষা কার্যক্রমের ধর্মীয় শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আলগী পাতাকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শিক্ষক আলমগীর উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের মজিবর মৃধার ছেলে। সে ওই গ্রামে ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের মসজিদ ভিত্তিক ধর্মীয় শিক্ষক ও স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ ও তারাবীর নামাজ পড়ান।

যৌন নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর নানা শুক্রবার রাতে বাদী হয়ে আলমগীর হোসনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ মে ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিক্ষার্থীকে ধর্মীয় পড়া লেখার সময় ফুসলিয়ে মসজিদের পুকুর ঘাটে নিয়ে যায়। সেখানে ওই শিক্ষার্থীকে বলাৎকার করে। পরে বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী তার নানার কাছে এ কথা জানায়। পরে তার নানা থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক আলমগীর হোসেনকে আটক করে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

এ ঘটনায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, নির্যাতিত শিক্ষার্থীর নানার অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্ততি চলছে। আটককৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/কেকে