ভ্রমণে খরচ কমাতে

আপডেট : ০২ মে ২০১৪, ১৯:১৫
ঘরকুনো বাঙালির তকমাটি আমাদের অনেক আগেই ঘুচেছে। বেড়াতে যাওয়ার কথা আগে শুধু আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়া বুঝালেও এখন বেড়াতে যাওয়া মানে দূরে কোথাও ঘুরতে যাওয়া। আর ভ্রমণের জন্য তরুণরা বরাবরই এক ধাপ এগিয়ে, যেকোনো ছুটি বা উপলক্ষে একা বা বন্ধুবান্ধবসহ হঠাত্ করে দূরে কোথাও বেড়িয়ে আসার অভ্যাস এখন প্রায় নিয়মিত ব্যাপার। তাই এবার তরুণদের জন্য খরচ বাঁচিয়ে কীভাবে কম খরচে ভ্রমণ করা যায় তাই নিয়ে রইল কিছু পরামর্শ প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাগুলো, ঐতিহাসিক নিদর্শনের শহরগুলোতে ঘুরে বেড়ানোর শখ তরুণদের মধ্যে হরহামেশাই দেখা যায়। কিন্তু এই শখ পূরণ করা ততোটা সহজ নয় তা সকলেরই জানা। সাধ থাকলে সাধ্য থাকে না, আবার সাধ্য থাকলে সময় থাকে না। অনেক সময়ই তরুণরা টাকা-পয়সার অভাবের কারণে মনের সাধ মিটিয়ে ঘুরে বেড়াতে যেতে পারেন না। কিন্তু কিছু উপায়ে খুব সহজেই ঘুরে বেড়ানোর খরচটা কমিয়ে আনতে পারেন। শুধুমাত্র আপনার ইচ্ছাটা একটু প্রবল থাকতে হবে এবং বুদ্ধি খাটাতে হবে। চলুন তবে দেখে নিই কীভাবে কমাতে পারেন ভ্রমণের খরচা। আগে থেকে প্ল্যান করুন :আগে থেকে সব কিছু প্ল্যান করে ফেলুন। হয়তো অনেকে বলতে পারেন প্ল্যান করে কোনো কিছুই হয় না। কিন্তু আপনার আগে থেকে প্ল্যান করা থাকলে কোথায় কী ধরনের খরচ হতে পারে তার একটি আইডিয়া তৈরি হয়ে যাবে। প্ল্যান করে ফেললে বাড়তি কোনো জায়গায় খরচ হচ্ছে তাও চোখের সামনে চলে আসে। সুতরাং প্ল্যান করুন। যাতায়াতের খরচটা যতটা সম্ভব কমান :কোনো জায়গায় ঘুরতে যাওয়াটাই মূল ব্যাপার, আপনি কীভাবে গেলেন তা মূল নয়। যাতায়াতের খরচ কমিয়ে ফেলুন। যত কম খরচে যাওয়া যায় তার উপায় বের করুন। বিমান, ট্রেন ও বাসের অনেক ধরন রয়েছে এবং সে অনুযায়ী টিকেটের দরদাম। ভ্রমণের খরচা কমাতে চাইলে কম খরচে যাতায়াত করুন। এ ছাড়া ভ্রমণের জায়গায় গিয়ে সিএনজি কিংবা মাইক্রো কিংবা গাড়ি ভাড়া করার চাইতে সেখানের লোকাল পদ্ধতিতে যাতায়াত করেও টাকা বাঁচাতে পারেন। শুধুমাত্র থাকতে হবে সামান্য বুদ্ধি। হোটেল ভাড়া কমান :কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানের সবচেয়ে ভালো হোটেলে উঠতে হবে—এমন তো কোনো কথা নেই। মোটামুটি মানের এবং নিরাপত্তা বিশিষ্ট হোটেল অনেক রয়েছে। সেগুলোর যেকোনো একটি পছন্দ করুন। এতে হোটেলের ভাড়া থেকেও টাকা বাঁচাতে পারবেন। বুঝেশুনে খাবার পছন্দ করুন :অনেকেই আছেন যারা ভ্রমণে গিয়ে খাবার নির্বাচনে ভুল করে থাকেন। কোনো জায়গায় বেড়াতে গিয়ে বড় কোনো রেস্টুরেন্টে খেয়ে টাকা বেশি খরচ করার কোনো প্রয়োজন নেই। অনেক কমদামি হোটেলেও ভালো খাবার পাওয়া যায়। সেই জায়গার বিখ্যাত কোনো খাবার খেতে হলে তা বাদে খাওয়া খরচ কমিয়ে দিলেও ভ্রমণের খরচা কিছুটা কমবে। দামাদামি করতে লজ্জা বোধ করবেন না :অনেকেই আছেন যারা অচেনা জায়গায় গিয়ে কিছু কিনতে যাওয়া এবং ট্যাক্সি ভাড়া নিয়ে বেশি দরদাম কিংবা দামাদামি করেন না। এই কাজটি ভুলেও করবেন না। টুরিস্টদের কাছ থেকে এমনিতেই স্থানীয় মানুষ একটু বেশি দাম নিয়ে থাকেন জিনিসপত্রের। তাই কোনো কিছু কেনার আগে ভালো করে দামাদামি করে নিন। লজ্জা করবেন না। অফ সিজনে বেড়াতে যান :ভ্রমণের খরচা কমানোর সব চাইতে ভালো উপায় হচ্ছে অফ সিজনে বেড়াতে যাওয়া। প্রত্যেকটি জায়গার একটি পিক সময় রয়েছে। যে সময় অনেক বেশি টুরিস্ট বেড়াতে যান। ওইসময় ভ্রমণে বের হলে সকল ক্ষেত্রেই টাকা একটু বেশিই খরচ হবে। তাই কম টাকায় ভ্রমণের মজা নিতে চাইলে অফ সিজনে ঘুরতে চলে যান। টিকিটের টাকা, খাওয়া খরচ এমনকি হোটেল ভাড়াতেও অনেক কম খরচ হবে।