গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম
জানার দুনিয়া
পলি ভিউ
সৌখিন হোক কিংবা প্রফেশনাল, সব ধরনের ফটোগ্রাফারদের প্রিয় এক সফটওয়্যার, কিন্তু অ্যাডোবি নয়, পলিভিউ। অ্যাডোবি ও এর সমমানের গ্রাফিক্স সফটওয়্যারের ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি যে, এসবের বাইরেও ভালো ফটোএডিটিংয়ের অন্যান্য সফটওয়্যার থাকতে পারে। এবং সেগুলোও খুব কার্যকরী ভূমিকা রাখে আমাদের এডিটিং জগতে। তেমনই একটি সফটওয়ার হলো, পলিভিউ। খুব নামকরা না হলেও পলিভিউ একই সাথে দ্রুত ও শক্তিশালী এক ইমেজ ভিউয়ার, কনভার্সান এবং প্রিন্টিং ইউটিলিটি উইন্ডোজ সফটওয়্যার। আরও জানতে ভিজিট করুন :www.polyview.com সাইটটি।
গেম কর্নার
পোর্টাল-৩
বর্তমানে চলছে সিক্যুয়েলের যুগ। মুভি-গেমস সবকিছুতেই যেন লেগেছে সিক্যুয়েলের ছোঁয়া। আর সাম্প্রতিকালের গেমগুলো পূর্বের তুলনায় অধিক উচ্চমান সম্পন্ন। এই গেমগুলো নিয়ে প্রতিযোগিতায় মেতেছেন মাইক্রোসফট এবং ইলেক্ট্রোনিক আর্টসের মতো কোম্পানি। আমাদের বর্তমান আলোচনার গেম হলো পোর্টাল-৩। অসাধারণ গ্রাফিক্সসম্পন্ন এই গেম শেষ করতে হলে পাগলামি বুদ্ধি থাকা আবশ্যক। গেমে পোর্টাল গান ব্যবহার করে দেয়ালে এমন দুটি পোর্টাল খোলা যায়, যার একটি দিয়ে ঢুকলে আরেকটি দিয়ে বের হওয়া যায়। এই বন্দুক দিয়ে আর নিজের ব্রেনের সাহায্যে দেখা যাবে আপনি কতদূর যান। প্রথম কথা হলো, সাধারণ ফিজিক্সের ব্যবহার। যত উপর থেকে পড়বেন, তত জোরে পড়বেন। যত জোরে ধাক্কা খাবেন, তত জোরে পিছিয়ে আসবেন। একটা পোর্টালে অনেক উপর থেকে পড়লে অন্যটা দিয়ে সেই গতিতে বেরিয়ে আসবেন। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :www.portalgames.com সাইটটি।
০০০০০
পড়াশোনা
ফটোগ্রাফি টিউটোরিয়াল
ডিজিটাল ক্যামেরার অঙ্গ-প্রত্যঙ্গ ও ফিচার/ফাংশন সম্পর্কিত জ্ঞানকে কাজে লাগিয়ে ভালো ছবি তোলার কিছু বেসিক কলা-কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে এই সাইটে। ক্যামেরার অটোমুড/সিনমুড দিয়ে বিভিন্ন টেকনিক্যাল সেটিংয়ের সিদ্ধান্ত ক্যামেরার উপর ছেড়ে দেওয়া গেলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে যা ফটোগ্রাফারকেই সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সিদ্ধান্ত নির্ভর করে ফটোগ্রাফারের জ্ঞান, পছন্দ, রুচি, ফ্যান্টাসি ও অভিজ্ঞতার উপর। যেমন ফটোর কম্পোজ, দূরত্ব, অ্যাঙ্গেল, পজিশন, ভিউপয়েন্ট, পোজ, ওরিয়েন্টেশন, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। তাই সবক্ষেত্রে নিশ্চিতভাবে বলা কঠিন কোনটি সঠিক কোনটি ভুল। সাইটটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.techtunes.com.bd/photography/tune-id/23249 সাইটটি।
০০০০০
রেড কার্পেট
এমা ওয়াটসন
এমা শার্লট ডিউয়ার ওয়াটসনের জন্ম ১৫ এপ্রিল ১৯৯০ সালে। একজন ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল হিসেবে তিনি বেশ জনপ্রিয়। হ্যারি পটার চলচ্চিত্রে হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ওয়াটসন নয় বছর বয়সে এই চরিত্রে প্রথম অভিনয় করেন। এর আগে তিনি বিদ্যালয়ের মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ওয়াটসন ছয়টি হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি হ্যারি পটারের শেষ চলচ্চিত্র ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’-এও অভিনয় করেছেন। হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয় করে তিনি একাধিক পুরস্কার অর্জন করেন। তিনি ২০০৯ সালে প্রথমবারের মতো মডেলিং করেন। হ্যারি পটারখ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন এবার হলিউডের বিখ্যাত সিঁধেল চোরের দল ‘দ্য ব্লিং রিং’দের একজনের ভূমিকায় অভিনয় করেছেন। অস্কারজয়ী চিত্রনাট্যকার সোফিয়া কপোলা পরিচালিত এই সিনেমাটির নামও রাখা হয়েছে ‘দ্য ব্লিং রিং’। এখানে একদল কিশোরী চোরের সঙ্গে হলিউডের ধনী এবং বিখ্যাতদের ধন-সম্পদ কেড়ে নিতে দেখা যায় তাকে। সত্যি সত্যিই দ্য ব্লিং রিং হলো হলিউডবাসী এক দল কিশোর-কিশোরী চোরদের সংগঠন। এদেরকে কখনও হলিউড হিলস বার্গলার বাঞ্চ আবার কখনও দ্য বার্গলার বাঞ্চ নামেও ডাকা হয়। এখন পর্যন্ত এদের ‘কৃতিত্ব’ হলো, এরা প্যারিস হিল্টন, লিন্ডসে লোহান এবং আরো অনেকের কাছ থেকেই এক বছরের মধ্যে প্রায় তিরিশ লাখ ডলারের অর্থ ও অলঙ্কার ছিনতাই করেছে। সম্প্রতি এমা আবারও উঠে এসেছেন আলোচনার শীর্ষে। ‘নোয়াহ’ নামের সিনেমাতে অভিনয় করে ইতোমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। আরও জানতে ভিজিট করুন :www.imdb.com/name/nm0914612/? সাইটটি।
