বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এরআগে বিকেল সাড়ে চারটার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
তারা হলেন- উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) এবং একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। তাদের বাড়ি সরোসপুর গ্রামে।
মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষককে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পড়ে গিয়ে তারা দু’জনে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। এই দুই স্কুলশিক্ষক মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পঞ্চম শ্রেণির চলা পিএসসি পরীক্ষার খাতা দেখে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানান ওই কর্মকর্তা। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহতদের ময়না তদন্ত করে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/আরকেজি
