টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের ধাওয়া খেয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর)-এর নেতৃত্বে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানিয়েছেন, গত ২৪ মে বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার যাওয়াইল কলেজের পাশে ধানক্ষেতে জুয়ার আসর থেকে দু’জন ব্যক্তিকে গ্রেফতার করে গোপালপুর থানা পুলিশের একটি দল। গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় শ্বাসকষ্ট ও হার্টের রোগী মো. হাকিম (৫৫) অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। অপর আসামিকে নিয়ে থানায় চলে আসে পুলিশের দলটি। এদিকে, মো. হাকিমকে তার আত্মীয়-স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পিআর) এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। তদন্তে কোনো গাফিলতি বা অপেশাদারসুলভ আচরণের প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআই
