চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম নগরীকে সোলার সিস্টেমের আওতায় আনার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, সৌরশক্তিকে কাজে লাগিয়ে স্বল্প খরচে বিদ্যুতের চাহিদা পূরণ ও নগরীর রাস্তা আলোকিত করার কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে নগরবাসী উপকৃত হবে। বুধবার তার অফিসে অনুষ্ঠিত সোলার স্ট্রিট লাইট ও এলইডি লাইট প্রোগ্রামিং প্রকল্প বিষয়ক সমন্বয় সভায় মেয়র এ কথা বলেন। এ কর্মসূচির আওতায় এডিবি’র অর্থায়নে নগরীর বহদ্দারহাট থেকে এয়ারপোর্ট রোড, পোর্ট কানেক্টিং রোড থেকে সিটি গেট, জাকির হোসেন রোড, আগ্রাবাদ এক্সেস রোডসহ নগরীর বেশ কয়েকটি সড়কে সোলার সিস্টেমের আওতায় স্ট্রিট লাইট স্থাপন এবং ৩৮ কিলোমিটার এলাকায় এলইডি লাইট স্থাপন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা।
