আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, খুন-গুম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য শুভ নয়। এগুলো কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকারকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে। প্রশাসনকে নমনীয় হওয়া যাবে না। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। সন্ত্রাসী যত বড়ই হোক তাকে গ্রেফতার করতে হবে।
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন মোজাফফর হোসেন পল্টু, ফয়েজ উদ্দিন মিয়া, হাজি মোহাম্মদ সেলিম এমপি, হারুন চৌধুরী প্রমুখ।
