সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির (সিপবিস) রায়গঞ্জ এলাকার শিল্পপল্লীতে ৪২ জন গ্রাহক প্রায় ৩ বছর ঘুরেও বাণিজ্যিক বিদ্যুত্ সংযোগ পাননি। উপজেলার শিল্পপল্লী রান্ডিলা বাহাদুর (উত্তরপাড়া) গ্রামের ভুক্তভোগীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবরে এব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, ২০১১-২০১২ সালে ঐ গ্রামের ৪২ জন ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয় বিদ্যুত্ অফিসের আশ্বাসে বাণিজ্যিক সংযোগের জন্য আবেদন করেন। এজন্য ট্রান্সফরমারের পার্থক্য মূল্য বাবদ ৬৯ হাজার ৪৫ টাকা ও প্রতিস্থাপন খরচ ২,০৫২ টাকাসহ মোট ৭১ হাজার ৯৭ টাকা ব্যয় করেন। শিল্পপল্লীর অসচ্ছল নারীরা বৈদ্যুতিক মোটরের সাহায্যে সূতার কাজ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিল। সংযোগ প্রাপ্তির জন্য সকল কাজ সম্পন্ন করার পরও গত ৩ বছরে একাধিকবার ধরনা দিয়েও কাজ হয়নি। বরং বার বার বিদ্যুত্ অফিসে ধরনা দিতে গিয়ে কাজের সময় নষ্ট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মূলধনেরই শুধু ক্ষতি হয়েছে। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন। এব্যাপারে সিপবিসের ভূইয়াগাঁতী জোনাল অফিসের ডিজিএম মোঃ নিয়াজ উদ্দিন জানান, ধারাবাহিকভাবে সকলেরই কাজ হচ্ছে। অল্পদিনের মধ্যেই তাদের কাজও সম্পন্ন হবে।
