টেন্ডার দিতে বাধা দেয়ায় দিনাজপুরের গৃহায়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে গত বুধবার কোতয়ালী থানায় অভিযোগ করেছেন ঠিকাদারগণ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, গত মঙ্গলবার জাতীয় গৃহায়ন বিভাগের দিনাজপুর ডিভিশনাল অফিসে একটি টেন্ডার দাখিল করতে গেলে নির্বাহী প্রকৌশলী কাজী ফজলুল করিম ঠিকাদার মো. মোস্তফা কামালসহ ৭/৮জন ঠিকাদারকে বাধা দিয়ে হুমকি প্রদান করার প্রেক্ষিতে তারা থানায় লিখিত অভিযোগ করেন। ঠিকাদার মোস্তফা কামাল অভিযোগে বলেন, দিনাজপুর পৌরসভার একজন কাউন্সিলর পরিচয় প্রদান করলে নির্বাহী প্রকৌশলী তাকে টেন্ডার জমা না দেয়ার জন্য হুমকি দেন। এছাড়াও দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার এস এম খালেকুজ্জামান রাজুর দরপত্র ছিনতাই হয়েছে মর্মে একটি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন। কোতয়ালী থানার ওসি জানান, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা দায়ের করা হবে। এ নির্বাহী প্রকৌশলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে মোবাইলে পাওয়া যায়নি।
