মেলান্দহে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ মে ২০১৯, ১৭:৫০

জামালপুরের মেলান্দহে কৃষক জহুরুল ইসলামের (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। জহুরুল ইসলাম রান্ধুনীগাছা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র এবং লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

মেলান্দহ থানার এসআই তোফায়েল আহমেদ জানান, ২৫ মে রাত ৩টার দিকে চরপলিশা উত্তরপাড়ার সাদেক আলীর বাড়ি সংলগ্ন  ব্রিজের পাশে রাস্তার ওপর থেকে অর্ধমৃত অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জামালপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরদিন দুপুরে লাশের পরিচয় পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ১টার দিকে বৃষ্টির কারণে রাস্তার ওপর রাখা ধানের খড় ঘরে তুলতে বাইরে বের হন। এ সময় ক্ষত-বিক্ষত অজ্ঞাত এবং অর্ধমৃত অবস্থায় এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে লোকজন জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেন।

নিহতের বড় ছেলে মমিনুর (২৩) জানান-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন: জগন্নাথপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ধর্ষক গ্রেফতার

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

ইত্তেফাক/নূহু