বিএনপি নেতার হুমকির পরই গুপ্ত হত্যা শুরু হয়েছে -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১১
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি গুপ্তহত্যার মাধ্যমে আন্দোলনের ডাক দিয়েছে। তাদের দলের একজন শীর্ষ স্থানীয় নেতার এমন বক্তব্যের পরই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অপহরণ ও গুপ্তহত্যা শুরু হয়েছে। তবে শিগগিরই এসব হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে অপহরণের পর যাদের হত্যা করা হয়েছে তারা আমাদের দলের লোক। আমাদের দলের কোনো লোক তাদেরকে মারতে পারে না, এসব কাজ অন্য দলের লোকই করেছে। দ্রুত তাদের খুঁজে বের করা হবে। আয়োজক সংগঠনের আহ্বায়ক মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্টের লক্ষ্যে আবার জামায়াত ও জঙ্গীবাদ একত্রিত করছে। তাদের এই নাশকতা সৃষ্টির পরিকল্পনাকে প্রতিহত করতে হবে।