তিন মাসে সাড়ে ২১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১২
ক্ষুদ্র ও মাঝারি শিল্প চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২১ হাজার ৫৩ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৭৮ শতাংশ। আগের বছরের একই সময়ে এ খাতে ঋণ বিতরণ হয়েছিলো ১৯ হাজার ৩৫২ কোটি টাকা। যা ওই বছরের লক্ষ্যমাত্রার ২৬ শতাংশ বেশি ছিল। অর্থাত্ আগের বছরের চেয়ে এসএমইতে ঋণ বিতরণ বেড়েছে কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ আগের তুলনায় কমেছে। বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরে এসএমই খাতে লক্ষ্যমাত্রা ৮৮ হাজার ৫৩৭ কোটি টাকা। এর মধ্যে ২০১৪ সালের মার্চ পর্যন্ত বিতরণ হয়েছে ২১ হাজার ৫৩ কোটি টাকা। যার মধ্যে ২০ হাজার ৪১৪ কোটি টাকা বিতরণ করেছে বিভিন্ন ব্যাংক এবং বাকিগুলো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। হিসাবে দেখা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক ৫ হাজার ৫২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে এক হাজার ৫০৯ কোটি টাকা। যা এসব ব্যাংকের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার ২৭ দশমিক ৩৩ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর ৭৩ হাজার ৫৩২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ১৭ হাজার ৮৯৪ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ৩৩ শতাংশ। আর বিদেশি ব্যাংকগুলো ২০৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ৮০৩ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার কয়েকগুণ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহা-ব্যবস্থাপক (জিএম) মাছুম পাটোয়ারী বলেন, গ্রাহকরা যাতে চাহিদামত ঋণ পান সেজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। আর নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সে বিষয়েও নিয়মিত তদারকি করছে বাংলাদেশ ব্যাংক। ফলে ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে।