অপহরণ হত্যা বিএনপির নয়া ষড়যন্ত্র -খাদ্যমন্ত্রী

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১২
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এবার অপহরণের পর হত্যার মাধ্যমে নতুন ফর্মুলায় ষড়যন্ত্র করে এগুচ্ছে। নারায়ণগঞ্জের ঘটনাও এই ষড়যন্ত্রের অংশ। মূলত একাত্তরের পরাজিতদের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে বিএনপি। শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, এ ঘটনার আসল হোতাদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে। তাদের অবিলম্বেই গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। বিএনপি’র উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখনই তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। খাদ্যমন্ত্রী বলেন, আমরা এখন সজাগ আছি। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ আছে। হত্যা, গুম, খুনসহ যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সোচ্চার। এর বিচার অবশ্যই দ্রুত হবে। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।