এক বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র মো. মিজানুর রহমান পঙ্গুত্ববরণ করেন। এখন তার বয়স ১৮ বছর। বর্তমানে সে ওই উপজেলার সাহেবাবাদ ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষে লেখাপড়া করছে। স্কুলে যাওয়া এবং আসার জন্য তার বন্ধুরা তাকে হুইল চেয়ারে বসিয়ে ঠেলে নিয়ে যায়। এতিম মিজান বোনের বাড়িতে থেকে বন্ধুদের ভালোবাসায় লেখাপড়া চালিয়ে আসছেন।
দুই বছর আগে সমাজসেবা বিভাগ থেকে প্রাপ্ত হুইল চেয়ারটি প্রায় অকেজো হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে চেয়ারটির টায়ার-টিউবসহ বসার আসনটি।
মহিউদ্দিন, আবুল হাসান ও তারেক রহমান নামের সহপাঠীরা বন্ধু মিজানের হুইল চেয়ারের পেছন থেকে ঠেলে তাকে প্রতিদিন বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে যায়, আবার ছুটির পর তাকে বাড়ি পৌঁছে দেয়। এতে তাদের একটুও কষ্ট হয় না। পঙ্গু মেধাবী বন্ধুর জন্যে এতটুকু করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছে।
মিজান জানায়, আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো লেখাপড়া ভালোভাবে সম্পন্ন করে একটি সরকারি চাবরি করা এবং অসচ্ছল পরিবারে সুখ ফিরিয়ে আনা।
