চৌদ্দগ্রামে ২৩ দিনেও উদ্ধার হয়নি অপহূত স্কুল ছাত্রী

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১৯
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার চৌদ্দগ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী অপহরণের ২৩ দিনেও উদ্ধার হয়নি। এতে স্কুল ছাত্রীর পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা সদরের মেয়ে ও স্থানীয় চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত একই গ্রামের সাইফুল ইসলাম উত্ত্যক্ত করতো। স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে সাইফুলকে শাসিয়ে দেয়া হয়। এতে সে আরও ক্ষীপ্ত হয়ে উঠে গত ১১ এপ্রিল সকালে সাইফুল তার বোন শাহানা আক্তারের মাধ্যমে ঐ স্কুল ছাত্রীকে কৌশলে বাড়ির গেইটের সামনে ডেকে এনে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে সাইফুল ও তার বোন শাহানা আক্তারের নাম উল্লে¬খসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে আদালতের মাধ্যমে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইলিয়াছ বলেন, ‘ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের সর্বাত্মক চেষ্টা চলছে’।