সারাদেশে বজ্রপাতে নিহত ৭

আপডেট : ০৩ মে ২০১৪, ২৩:১৯
দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ পাতে মারা গেছেন সাতজন। আহতের সংখ্যা অনেক। বাড়ি-ঘর, স্কুল, ফলের বাগান, ফসলের ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাহবাজপুর গ্রামে বজ্রপাতে রিতু (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দু’ জন। শুক্রবার সন্ধ্যার পর্ ঝড় উঠলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ঝড়ে পাকা ধান মাটিতে পড়ে গেছে। মেহেরপুর সংবাদদাতা জানান, মেহেরপুরের পৃথক দু’টি স্থানে বজ্রপাতে দুইজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে শহরের উপকণ্ঠে ব্র্যাক অফিসের পাশে ও সদর উপজেলার ফতেপুর গ্রামের মাঠে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের কাউছার আলীর ছেলে মন্টু মিয়া (২৫) ও ফতেপুর গ্রামের সাবদেল আলীর ছেলে নিহত শফিকুল ইসলাম (৪৫)। ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল শনিবার দুপুরে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ পাতে চতুর্থ শ্রেণীর ছাত্রী সাদিয়া (১০) নিহত হয়। ঝড়ে উপজেলা সদর, গৌরিপুর, ধাওয়া, নদমূলা-শিয়ালকাঠী তেলিখালি, ভিটাবাড়ীয়া, ইকড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছ-পালা ভেঙে পড়ে। বেশ কিছু ঘর-বাড়ির টিনের চালা উড়ে যায়। ফলদ ও বনজ গাছ ভেঙে পড়ে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, শনিবার দুপুরে ঝড়বৃষ্টি চলাকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোলপেচা হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র বজ্রপাতে মারা যায়। এরা হলেন শাহ আলম (২০) ও সেলিম হোসেন (১৭)। পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলার দেবীগঞ্জ সরকারপাড়া এলাকায় বজ পাতে প্রভাত চন্দ্র রায় (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওপর দিয়ে গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে আধাপাকা ও কাঁচা ধান, পাট, ভুট্টা, পেঁপে, কলা বাগান ও তিন শতাধিক পানবরজ ক্ষতিগ্রস্থ হয়েছে। দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা জানান, দুমকি উপজেলার ৫টি ইউনিয়নে হঠাত্ প্রচণ্ড ঝড়ে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, শনিবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শনিবার দুপুরে ঝড়ো হাওয়া ও বজ্রপাতে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বামনা (বরগুনা) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ে বরগুনার বামনা উপজেলায় বিভিন্ন গ্রামে ১৪ জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, পানের বরজ ও ৪০টি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে হঠাত্ কালবৈশাখী ঝড়ে ঝালকাঠির কাঠালিয়ায় বাড়িঘর দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদসহ বড় বড় গাছপালা উপড়ে গেছে। পুরো উপজেলার বিদ্যুত্ সংযোগ বিচ্ছন্ন রয়েছে। এ সময় শিশুসহ ৪ জন আহত হয়। মংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, মংলায় কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধশত কাচা ঘর-বাড়িসহ বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে পশুর নদীতে মাছ ধরার সময় অন্তত ৫০টিরও বেশি নৌকা ডুবে গেছে। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে গাছপালা উপড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় পুরো মংলা এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার দুুপুর ১টায় শুরু হওয়া ঝড় ২টার দিকে কমতে শুরু করে। মংলা বিদ্যুত্ সরবরাহের উপ সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, ঝড়ে স্থায়ী বন্দর এলাকাসহ বহুস্থানে গাছ পালা উপড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় পুরো মংলা এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তিনটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। লুধুয়া মাছঘাটের ব্যবসায়ী মো. কামাল হোসেন জানান, মেঘনায় মাছ শিকারের সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উজ্জল মাঝি, তপন মল্লিক ও তপন মাঝির ট্রলার জেলেসহ নদীতে ডুবে যায়। জেলেদের উদ্ধার করা হয়েছে। পিরোজপুর অফিস জানায়, শনিবার দুপুরের পর পিরোজপুর জেলার বিভিন্ন অঞ্চলে এক কালবৈশাখী বয়ে যায়। এতে কাঁচাঘর, গাছপালা ভেঙ্গে যায়। কলা, ডাল, তরমুজ ইত্যাদি ফল ও সবজির ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে আম-লিচুর বেশি ক্ষতি হয়েছে। জিয়ানগর এলাকায় বেশ কিছু কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।