পটুয়াখালীতে লঞ্চডুবি ৮ লাশ উদ্ধার

আপডেট : ০৩ মে ২০১৪, ২৩:১৯
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গলাচিপা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে এমভি শাথিল-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। সন্ধ্যা পর্যন্ত স্থানীয় লোকজন নদীতে ভাসমান আটজনের লাশ উদ্ধার করেছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল শনিবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার কলাগাছিয়া লঞ্চঘাট থেকে এক কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া আটটি লাশের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— গলাচিপা উপজেলার ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা রুহিনা বেগম (২৪), রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম (৫০), রাঙ্গাবালী উপজেলার ১৯ নম্বর গ্রামের লুতফা বেগম (২১), ইসাহাক (৬), নিপু বেগম (৩৫), তিন্নি বেগম (৬)। গতকাল দুপুর সোয়া দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত কালবৈশাখী ঝড় বয়ে যায়। সকাল আটটায় যাত্রী নিয়ে রাঙ্গাবালী থেকে ছেড়ে আসা লঞ্চটি বিকেল তিনটার দিকে কলাগাছিয়া এলাকার গলাচিপা নদী অতিক্রমকালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় ১০/১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর যাত্রীরা লঞ্চের সঙ্গে ডুবে যায়। তীরে ওঠা যাত্রীরা জানান, ঝড়ের কারণে লঞ্চের জানালাগুলো বন্ধ করে দেয়ায় অনেক যাত্রী লঞ্চের মধ্যে আটকে পড়েছেন। পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন। উদ্ধারকারী জাহাজ রুস্তুমকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী জাহাজ বরিশাল থেকে রওনা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছতে জাহাজটির সাত থেকে আট ঘন্টা সময় লেগে যেতে পারে। তবে ইতিমধ্যে দমকলের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। লঞ্চে মোট কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একাধিক সূত্র জানায়, এতে প্রায় ১০০ জন যাত্রী ছিল।