রংপুরে এরশাদের আচরণে হতাশ নেতা-কর্মীরা

আপডেট : ০৩ মে ২০১৪, ২৩:২১
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এরশাদ ঢাকা থেকে রংপুরে এসে পল্লী নিবাস বাসভবনে গিয়ে নেতাকর্মী কিংবা সাংবাদিকদের সাথে কোন কথা না বলে সোজা দ্বিতীয় তলায় উঠে দরজা লাগিয়ে দেন। এ ঘটনায় নেতাকর্মী ও সাংবাদিকরা হতভম্ব ও হতাশ হয়ে পড়েন। কারণ প্রতিবারই এরশাদ রংপুরে এসে নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে খোলামেলা কথা বলেন। কিন্তু এবার কথা না বলে চুপসে যান। ধারণা করা হচ্ছে, ঢাকায় জাতীয় শ্রমিক পার্টির (এ) মে দিবসের আলোচনা সভায় এরশাদ যে বক্তব্য রেখেছেন, তাতে সরকারি দল নাখোশ হয়েছে। এ কারণে এরশাদ সাংবাদিক তো দূরের কথা নেতাকর্মীদের সঙ্গেও কোন কিছু বলেননি। এ ব্যাপারে জাপার সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাকায় স্যার কথা বলেছেন যা মিডিয়ায় এসেছে, সময় হলে রংপুরেও বলবেন। জাপার নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, ঘরে বাইরে স্যার চাপে রয়েছেন, সে কারণে তিনি দিশেহারা হয়ে গেছেন। বয়স হয়ে যাওয়ায় অনেক চাপ তিনি সহ্য করতে পারছেন না। এদিকে বিকালে এরশাদের উপস্থিতিতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এরশাদের পল্লী নিবাস বাসভবনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হবিবার রহমান হবিকে বেদম মারপিট করেন। নেতাকর্মীর নামে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগে জেলা কমিটির এক শীর্ষ নেতাকে গালিগালাজও করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। এর আগে সদর উপজেলা জাপা সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলনকে দল সমর্থিত ঘোষণা দেন এরশাদ।