কাজই হোক কিংবা আকাজ, মদ্যপ অবস্থায় কোনো কিছু করার চেষ্টাটা যে অধিকাংশ সময়ই সুখকর হয় না সেটা এবার হাড়ে হাড়েই টের পাচ্ছেন দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ার সৌখিন(!) চোর জ্যাকব টোকারেভ। আগের রাতে ভরপুর মদপানের পর জ্যাকব চেয়েছিলেন একখানা গাড়ি চুরি করে বাড়ি ফিরতে। কারণ বাড়িতে ফিরবার জন্য সামান্য ট্যাক্সিভাড়া দেওয়ার টাকাটাও মদ খাওয়ার পর অবশিষ্ট ছিল না তার পকেটে। তবে মদপানের মাত্রাটা এতোটাই বেশি হয়ে গিয়েছিল যে শেষতক গাড়ির জানালা ভেঙ্গে গাড়িতে প্রবেশ করতে পারলেও সেটি চালিয়ে নেবার ক্ষমতাটুকু আর অবশিষ্ট ছিল না জ্যাকবের। বরং নিজের অজান্তেই গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এই মাতাল চোর। আর শেষতক তার ঘুম যখন ভাঙে তখন সূর্যের আলোর পাশাপাশি জ্যাকবের শিয়রে উপস্থিত হয়েছে গাড়ির মালিক আর পুলিশের সদস্যারাও। এদিকে সকালে কাজে যাওয়ার সময় নিজের গাড়ির পাশে এসে অসংখ্য ভাঙা কাঁচ পড়ে দেখে গাড়ির মালিক ইভান দেশেনস্কি যতটা না অবাক হয়েছিলেন তার চেয়েও বেশি অবাক হয়েছিলেন গাড়ির সিটে একজনকে ঘুমাতে দেখে। ঘটনার পর সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে ইভান জানান, ‘যখন কাজের উদ্দেশ্যে বেরুনোর সময় গাড়ি বের করতে যেয়ে সেখানে এই লোকটিকে (জ্যাকব) ঘুমাতে দেখলাম তখন আমার কেমন লাগছিল সেটা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। তাছাড়া গাড়ির দরজা খুলতেই আমার নাকে যেভাবে মদের তীব্র গন্ধের একটা ধাক্কা লাগল সেটাও সুখকর কিছু ছিল না। আমি দেখছিলাম কেমন করে চারপাশে ভাঙা কাঁচের টুকরো ছড়িয়ে আছে এবং কী করে গাড়ি চালু করার জন্য চাবি ঢোকানোর জায়গাটিও ভাঙা হয়েছে। অন্য কারও জন্য হয়তো এটা খুব মজার একটি দৃশ্য হতে পারতো। তবে আমার জন্য বিষয়টা অতটা মজার ছিল না। কারণ গাড়িটা আমার কাছে জীবিকারই একটা অংশ।’ এদিকে আর্কিপ ইসায়েভ নামে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন পুরো ঘটনাটিতে জ্যাকব খুব লজ্জিত এবং দুঃখিত হলেও তা তাকে বিচারের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে মদ্যপ থাকা, গাড়ি চুরির চেষ্টা করা ও গাড়ির ক্ষতি করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ইসায়েভ।
