চট্টগ্রামের নয় নারী সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। রবি আজিয়াটার সহযোগিতায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবি আজিয়াটার কনসালটেন্ট (মিডিয়া ও সিএসআর) মহিউদ্দীন বাবর, চট্টগ্রামের রিজিওন্যাল ম্যানেজার রেজোয়ান হামিদ সেজান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও নবনির্বাচিত সভাপতি এজাজ ইউসুফী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মহসীন কাজী।
সংবর্ধিত নারী সাংবাদিকরা হলেন- শাহীন আরা বেগম ডেইজী, শামীম আরা লুসি, ইয়াসমিন ইউসুফ, সানজিদা মালেক, অপর্ণা খাস্তগীর, রাখি তালুকদার, সুচন্দা নন্দী, সুমিমা ইয়াসমিন এবং হাজেরা খাতুন শিউলি। সম্মাননা পাওয়া ডেইজি মওদুদ বলেন, নারী সাংবাদিকরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতা করে চলেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাব আমাদেরকে যেভাবে সম্মানিত করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এটি আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে। আমাদের কাজের স্পৃহা আরো বহুগুণ বেড়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে নারী সমাজ এ মহান পেশায় নিজেদের সংশ্লিষ্ট করতে উত্সাহ বোধ করবে।
