উদ্দেশ্যটা ছিল জীবনে সৃজনশীল কিছু কাজ করা। কিন্তু কী করবেন ভেবে পাচ্ছিলেন না। একদিন তিনি তার একটা বন্ধুকে চমকে দেওয়ার উদ্দেশ্যে একটা পোস্টার ছাপান। কাজটি করতে গিয়ে তিনি দোকানে রীতিমতো ঠকে আসেন। হঠাত্ মনে হলো এই কাজটিতে আরও কিছু নতুনত্ব আনতে পারেন তিনি নিজেই। আর ঠিক তখন থেকেই তার এগিয়ে চলা। বলতে গেলে অলস সময়টাকে কাজে লাগাতেই এই পথে অগ্রসর হন, আর আস্তে আস্তে এই কাজে জড়িয়ে পড়েন। আর এজন্য দরকার ছিল একটা অফিসিয়ালি কাজ করার কোনো মাধ্যম। যেহেতু তিনি একজন শিক্ষার্থী তাই তার পক্ষে কোনো দোকান দেওয়া প্রায় অসম্ভব ছিল। তাই তিনি ফেসবুককেই বেছে নেন। ‘আর্টস ম্যাটার্স’ নামক একটি ফেসবুক পেজ খোলেন। তিনি হলেন তরুণ উদ্যোক্তা ইনজামাম উল ইসলাম। ইনজামামের এই পেজ খোলার উদ্দেশ্য হলো অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে তার কিছু আর্ট সম্পর্কিত কাজ সবাইকে দেখানো। তার কাজে আকর্ষিত করতে পেরেছে কাস্টমারদের। পেয়েছেন পরিবার ও বন্ধু-বান্ধবের প্রশংসাও। প্রথম শুরু করেছিলেন পোস্টার দিয়ে। বর্তমানে আকর্ষণীয় ল্যাম্প, ব্যাচ, ম্যাজিক মগ, ফটোগ্রাফি প্রিন্ট, স্টিকার এবং নতুন সংযোগ কাঠের ওপর খোদাই ও টি-শার্ট বিক্রি করছেন তিনি। তার প্রত্যেকটি পণ্যের মূল আকর্ষণ হলো যেকোনো লেখা বা ছবি যেকোনো জিনিসের ওপর প্রতিস্থাপন। তিনি জানালেন, ব্যস্ততা প্রচুর। বুঝেই উঠতে পারেননি যে তাকে পেজটি এত ব্যস্ত করে তুলবে। আর তার কাস্টমার বলতে গেলে আশানুপাতিক। এই পেশার ভালো দিকটা হলো তিনি নিত্যনতুন অনেক রকম অভিজ্ঞতা অর্জন করছেন, যা আগে কোনোদিনও তার ছিল না বলে জানালেন ইনজামাম। তার আশা তিনি তার এই পেজটিতে নিজের সৃজনশীলতার আরও বেশি বিকাশ ঘটাতে পারবেন এবং তার কাজকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।
