মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

পেশাদারিত্ব বাড়ালে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হবে

আপডেট : ০৪ মে ২০১৪, ২২:০০
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তাগণ সংবাদকর্মী ও মালিক- উভয়পক্ষের পেশাদারিত্বের ওপর জোর দিয়েছেন। বক্তারা বলেন, সাংবাদিক ও মালিকদের পেশাদারিত্বের মনোভাব বাংলাদেশের মতো তরুণ গণতন্ত্রের দেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারে। নতুন গণমাধ্যম চালু করতে উদ্যোক্তার আর্থিক বলই প্রধান বিবেচ্য হওয়া উচিত নয়। নতুন মিডিয়ার জন্য আবেদনকারী তথ্য প্রবাহ ও পেশাদারিত্বের প্রতি কতটুৃকু দৃঢ়প্রতিজ্ঞ তা সরকারের খতিয়ে দেখা উচিত। কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ (সিজেএ) গতকাল রবিবার ঢাকায় এমআরডিআই-এর সহায়তায় এই আলোচনা সভার আয়োজন করে। সিজেএ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী ড. মিজানুর রহমান শেলী, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, সিজেএ’র প্রেসিডেন্ট ইমেরিটাস হাসান শাহরিয়ার, বিএফইউজে মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, সিনিয়র সাংবাদিক চপল বাশার, নাদিম কাদির, সাইফুল হুদা, মাঈনুল আলম, জুলহাস আলম, হুমায়ুন রশিদ চৌধুরী প্রমুখ। সিজেএ’র বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন।