ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় সংবাদপত্র বিক্রয় কেন্দ্র উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে। সমিতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশন নির্মিত ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক সংবাদপত্র বিক্রয় কেন্দ্র সমিতির নামে সেলামী ও ভাড়ার ভিত্তিতে বরাদ্দ দেয়া হয়। সমিতি সেলামী ও ভাড়ার টাকা নিয়মিতভাবে পরিশোধ করে আসছিল। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোন নোটিশ না দিয়ে মিরপুর ১১ নং বাসস্ট্যান্ড সংলগ্ন সংবাদপত্র বিক্রয়কেন্দ্র ভেঙ্গে দেয়া হয়। একই ভাবে মিরপুর ১০নং গোল চত্বর, ১২নং বাসস্ট্যান্ড, ১নং বাসস্ট্যান্ড,গাবতলী বাস টার্মিনাল, গুলিস্তান পুলিশ বক্স সংলগ্ন ও সদরঘাট লঞ্চ টার্মিনালের পূর্ব পাশের সংবাদপত্র বিক্রয় কেন্দ্রগুলো ভেঙ্গে ফেলা হয়। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সংলগ্ন কেন্দ্রটি ভাঙ্গার পাঁয়তারা চলছে। বিষয়টি ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাকে অভিহিত করার পরও কোন সুরাহা হচ্ছে না। সমিতির পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে সংবাদপত্র বিক্রয় কেন্দ্রগুলো রক্ষার দাবি জানানো হয়।
কর্মচারী বহিষ্কার
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর টাকা আত্মসাত্ করায় মিরপুর ১০ নং সেকশনের এ ও বি ব্লক এবং শাড়ি পট্টি এলাকার পত্রিকা সরবরাহকারী কর্মচারী মোঃ জাহাঙ্গীর হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সমিতির পক্ষ হতে অত্র এলাকার পাঠকদের বহিষ্কৃত জাহাঙ্গীরকে কোন পত্রিকার বিল না দেয়ার বিশেষ অনুরোধ করা হয়।
