মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের লাশ তিন দিন পর উদ্ধার

আপডেট : ০৪ মে ২০১৪, ২৩:২২
জেলার সিরাজদিখান উপজেলায় সুজন হাওলাদার (৩২) নামে তিন দিন ধরে নিখোঁজ এক যুবকের লাশ গতকাল রবিবার জৈনসার ইউনিয়নের একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে। জুয়া খেলাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত সুজন হাওলাদার উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামের মতিন হাওলাদারের ছেলে। জানা গেছে, তিন দিন আগে গত বৃহস্পতিবার বাজারে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন সুজন। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তার পরিবারের পক্ষে গতকাল সকালে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি করার কয়েক ঘণ্টা পর জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাস মোল্লার একটি পরিত্যক্ত বাড়ি (দাশের বাড়ি) থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, গতকাল দুপুরে ওই ভবন থেকে পচা গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই ভবনের একটি কক্ষ থেকে সুজনের লাশ উদ্ধার করে। তাকে ২-৩ দিন আগেই হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওসি বলেন, পরিত্যক্ত এই বাড়িটিতে স্থানীয় একটি গ্রুপ নিয়মিত জুয়ার আসরসহ নানা অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশ জানতে পেরেছে। ধারণা করা হচ্ছে- জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে সুজন খুন হয়ে থাকতে পারে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।