প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ দেশের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশে যে হারে গুম খুন চলছে এটা সরকারের জন্য মাইনাস পয়েন্ট। এ অবস্থা তাদের জন্য সুখকর নয়। দেশের মানুষ আজ আতংকে দিন কাটাচ্ছে। সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না। তিনি নিজ নির্বাচনী এলাকা রংপুরে ২ দিনের সফরে এসে বিভিন্ন এলাকা গণসংযোগ শেষে গতকাল রবিবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এরশাদ বলেন, গত ৪ মাসে দেশে ৬০ জন মানুষ গুম এরপর খুন হয়েছে। গড়ে প্রতিমাসে ১৫ জন করে মানুষ প্রথমে গুম হচ্ছে, তারপর তাদের লাশ পাওয়া যাচ্ছে। এটা বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। সরকারের প্রশাসন এসবের কোন কুলকিনারা করতে পারছে না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু যে হারে গুম আর খুনের ঘটনা ঘটছে তাতে করে মানুষ নিরাপদে ঘুমাতেও পারছে না।
এরশাদ বলেন, আমি আশা করেছিলাম শেখ হাসিনা এবার জনগণের কল্যাণ করে ভালোভাবে দেশ চালাবেন, কিন্তু তার কোন লক্ষণ জনগণ দেখতে পারছে না। তারপরেও তিনি আশা প্রকাশ করে বলেন, মাত্র ৪ মাস হলো সরকারের ক্ষমতায় আসার। দ্রুত প্রশাসনকে গতিশীল করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
এরশাদের নতুন চমক
উপজেলা নির্বাচনে একাধিক প্রার্থীকে সমর্থন দিয়ে নতুন চমক দিলেন জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি গতকাল রবিবার রংপুরের পালিচড়ায় সদর উপজেলায় প্রার্থী বিষয়ে এই ফর্মুলা দিয়ে বলেছেন, আমি এখানে ২ জনকে চেয়ারম্যান হিসেবে সমর্থন দিয়েছি, দোয়া দিয়েছি। আপনারা এর মধ্যে যাকে পছন্দ করেন তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
