গরমে স্বাচ্ছন্দ্য টি-শার্ট

আপডেট : ০৫ মে ২০১৪, ১৯:৪৪
ঘর থেকে বাইরে পা ফেলতেই মনে হয় রোদের তপ্ত আঁচে পুড়ে যাওয়ার জোগাড়। মাত্রাতিরিক্ত গরমে যখন এমন হাল, তখন পোশাকে চাই কিছুটা হলেও প্রশান্তি। আর সাথে একটু ফ্যাশনেবল হতে মন্দ কী! আর সে কারণেই এই সময় অনেক তরুণ-তরুণীদেরকে দেখা যায় টি-শার্টে। তাই এবার টি-শার্ট নিয়ে রইল কিছু আলোচনা। লিখেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন তাহের মানিক বাতাসে এখন রোদের তীব্রতা বাড়ছে। চারিদিকে ঠাণ্ডা বাতাস তার স্পর্শ কমিয়ে দিচ্ছে। সেলসিয়াস আর ফারেনহাইটের তীব্রতায় বেড়ে চলেছে গরম নামের এক ভিন্ন সত্তার অস্তিত্ব। হয়তো এভাবেই ঋতু বৈচিত্র্যে গরমের অনুপ্রবেশকে আমরা চিহ্নিত করতে পারি। পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার আর জলবায়ুর পরিবর্তনের বাস্তবতায় নাগরিক এবং গ্রামীণ উভয় অধ্যায়েই গরম বেড়ে চলেছে অস্বাভাবিক গতিতে। সম্ভবত সেই সূত্র ধরেই গত এক দশকে শাসন করে চলা টি-শার্ট ফ্যাশন এই গরম এলেই তার দুরন্ত গতিকে আরও বেশি সমৃদ্ধশালী করে তোলে। আধুনিক এবং সহজ জীবন প্রণালির নিয়মিত অধ্যায় ধরেই একসময় আমাদের পোশাক সংস্কৃতিতে টি-শার্টের অনুপ্রবেশ। গার্মেন্টস শিল্পের ক্রমাগত প্রসারণ এবং দেশীয় পোশাক শিল্পের খানিকটা স্থবিরতা একসময় আমাদের পোশাক নয় বলে বিবেচিত টি-শার্টকে আস্তে আস্তে পোশাক সংস্কৃতিতে প্রতিষ্ঠিত করেছে এর চমত্কার সব উপযোগিতা। মূল্যের বিচারে কিংবা ফ্যাশনের দোরগোড়ায় টি-শার্ট সবসময়ই চপলা তরুণীর মতো সবার মন জয় করে নিয়েছে সমান আধিক্যে। পরনে ন্যারো জিন্স সঙ্গে মানানসই টি-শার্ট—এটাই হলো এ সময়ের জনপ্রিয় স্টাইল স্টেটমেন্ট। শুধু তরুণরাই নয়, টি-শার্ট ব্যবহারে পিছিয়ে নেই তরুণীরাও। এখনকার টি-শার্ট যেন সময়ের কথা বলে, অর্থাত্ আমাদের জাতীয় জীবনে বিশেষ দিনগুলোসহ আমাদের সংস্কৃতিকে নানাভাবে তুলে ধরা হচ্ছে টি-শার্টে। আর এজন্যই সচেতন তরুণ-তরুণীদের কাছে টি-শার্টের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এ সময়ের টি-শার্ট যেন তারুণ্যের গান গায়। বাংলা সাহিত্যের বিখ্যাত সব কবি সাহিত্যিকদের লেখা গান, কবিতা, বিভিন্ন শিল্পকর্মসহ আমাদের সংস্কৃতির নানাদিক বক্ষে ধারণ করাই তরুণদের নতুন ফ্যাশন। টি-শার্টের ব্যাপারে ছেলেরা বেশ চুজি, সবসময় চেষ্টা করে টি-শার্টে নতুন কিছু করার। এই গরমের শুরুতেও থাকছে নতুন কিছু ডিজাইন। টি-শার্টের ক্ষেত্রে বেশিরভাগ ফ্যাশন হাউজ ভি-গলা ও গোল গলার টি-শার্টের কালারের গুরুত্ব দেন। রঙের ক্ষেত্রে বেছে নেওয়া হয় উজ্জ্বল রং। একদম নতুন হিসেবে আর্টিস্টি এনেছে ‘হেনলি’ টি-শার্ট আর ‘সুপার ফিটেড’ শার্ট। কালারের মধ্যে রয়েছে কমলা, পেস্ট ও গাঢ় সবুজ রং। খোঁজখবর :আর্টিস্টি, প্লাস পয়েন্ট, মেনজ ক্লাব, ইজি, ক্যাটস আই, রিচম্যান, এক্সটেসি, ওয়েসটেক্সসহ ছেলেদের পছন্দের গোলগলা টি-শার্টগুলো পাবেন ৩৫০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যেই, আর পোলো টি-শার্টগুলোর দাম পড়বে ৫৫০ টাকা থেকে ১৮০০ টাকা। শার্ট, টি-শার্টগুলোর দাম কোয়ালিটি এবং ব্র্যান্ডভেদে কমবেশি হতে পারে। এ ছাড়াও নন ব্র্যান্ডের টি-শার্ট পাওয়া যাবে ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। রাজধানীর বড় বড় শপিংমলের পাশাপাশি বাহারি সব টি-শার্ট পাওয়া যাবে শাহবাগ আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট এবং বঙ্গবাজারে। বড় শপিংমলগুলোর তুলনায় দামও কিছুটা কম পড়বে এসব মার্কেটে। মডেল আসাদ ও আসীম পোশাক মেনজ ক্লাব