খাল মাঠ ও পার্ক রক্ষায় পাঁচ সচিবকে নির্দেশ

আপডেট : ০৫ মে ২০১৪, ২১:৩৭
সারাদেশের খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে পাঁচ সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত সম্পূরক আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদেশে খাল, মাঠ ও পার্ক রক্ষায় জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা দিতে স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব ও অর্থ সচিব এবং পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়। এছাড়া এগুলো রক্ষায় কি ব্যবস্থা নেয়া হয়েছে ৩০ দিনের মধ্যে আদালতে তার অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিটে গত বছরের ৭ এপ্রিল হাইকোর্ট দেশের সব খাল রক্ষায় নির্দেশনা জারি করতে নির্দেশ দেয়। আবেদনকারীর কৌঁসুলি মনজিল মোরসেদ বলেন, ভূমি সচিব ছাড়া আর কেউ এই আদেশ বাস্তবায়ন করেনি। এরপর আমরা আদালত অবমাননার অভিযোগ দায়ের করি। আদালত আমাদের আবেদনটি গ্রহণ করে নতুন করে অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।