বিয়ে করার অপরাধে গাছে বেঁধে প্রহার

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:০২
শ্রীনগর উপজেলার ফইনপুর গ্রামে গত রবিবার বিয়ে করার অপরাধে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে সাথী আক্তার (২২) নামে এক নারীকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নির্যাতন করেছে। এ ঘটনায় ব্র্যাকের লিগ্যাল এইড কর্মী আলো রানী সরকার, ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটির মুন্সীগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মো. রেজাউল করিম খান ও মানব উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর সেলিনা আক্তার সাথীকে উদ্ধার করে সাথীর মায়ের হাতে তুলে দেন। সাথী ও তার মা ফইনপুরে ভাড়া বাসায় থাকেন। তাদের বাড়ি মাদারীপুর জেলার জাজিরা থানার কুমারকান্দি গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাথীকে তার স্বামী তোতা মিয়া দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। স্থানীয় মহিলা মেম্বার নাজমা আক্তারের বোন আন্না আক্তার রবিবার এক সালিশে তোতা মিয়া ও সাথীকে আলাদা হয়ে যাবার কথা বলেন। এতে তারা অস্বীকৃতি জানালে আন্না আক্তার সাথীকে একটি গাছের সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেন এবং তোতা মিয়াকে পাশের একটি ঘরে আটকে রাখেন। তোতার আগের স্ত্রীর ঘরে ১ ছেলে ১ মেয়ে রয়েছে। ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটির মুন্সীগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মো. রেজাউল করিম খান জানান, গ্রাম্য সালিশে নির্যাতনের কথা শুনেছি। তবে এই প্রথম নিজ চোখে দেখলাম। ভাবতে অবাক লাগে আমরা কোথায় আছি। শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।