ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সরকারি গম ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলায় এ মৌসুমে মোট চার হাজার ১২০ মেট্রিক টন গম সংগ্রহের কথা রয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি এ গম ক্রয়ের কথা থাকলেও কোনো কৃষক সরাসরি বিক্রি করতে পারছে না। এসব গম সরবরাহের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি আমলা, জনপ্রতিনিধি, সমিতি ও ক্লাবকে তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে। এ তালিকায় স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য।
তালিকায় যাদের নাম আছে তারা বাজার থেকে গম কিনে এ তালিকার নির্দিষ্ট বরাদ্দ অনুযায়ী সরকারের নির্ধারিত দামে (প্রতি কেজি ২৭ টাকা) গুদামে সরবরাহ করবেন।
এ তালিকা প্রণয়নের কথা উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী নিশ্চিত করেছেন।
এ বিষয়টি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রানীশংকৈলের আট ইউনিয়ন পরিষদের আট চেয়ারম্যান মাহাবুব আলম, এনামুল হক, লোকমান আলী, আবুল কালাম, জোতিষ চন্দ্র, জীতেন্দ্র নাথ, শরত্ চন্দ্র ও আবু সুলতান।
অভিযোগে তারা জানান, কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি গম ক্রয় করার কথা থাকলেও সরকারি আমলা, রাজনীতিবিদরা সিন্ডিকেট করে কৃষকদের ঠকিয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, রানীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করা হবে।
