ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঠেকাতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী ১৪টি উপজেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বিশেষ ফরমের মাধ্যমে যাচাই-বাছাই করে আগামী ১৫ মে শুরু হতে যাওয়া ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করবে কমিশন। বিগত হালনাগাদে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আগেভাগেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে ইসি।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। বিশেষ ফরমের মাধ্যমে যাচাই-বাছাই করে ভোটার করা হবে। আমরা এবার নিবন্ধন করার সময় কঠোরতা অবলম্বন করছি। এছাড়া বিশেষ এলাকাগুলোতে বিশেষ নজরদারিও থাকবে।
রোহিঙ্গা ও ভারতীয় নাগরিক অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ১৩টি উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করা হয়েছিল ২০১২ সালে। এবারও এসব এলাকায় নিবন্ধিত ভোটারদের যাচাই-বাচাইয়ের জন্য বিশেষ কমিটি গঠন করে বিশেষ ফরম পূরণ করা হবে। উপজেলাগুলো হচ্ছে: কক্সবাজারের সদর উপজেলা, চকরিয়া, টেকনাফ, রামু, পেকুয়া, উখিয়া ও মহেশখালী, বান্দরবানের সদর উপজেলা, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি, রাঙামাটির বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলা। এবার এর সঙ্গে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়।
২০০৯ সালে প্রণীত হালনাগাদ তালিকা থেকে সীমান্তবর্তী বিভিন্ন উপজেলার ৫০ হাজার রোহিঙ্গা ভোটারকে শনাক্ত করা হয়। পরে উপযুক্ত তথ্য-প্রমাণের পর ৪২ হাজার রোহিঙ্গা ভোটারের নিবন্ধন বাতিল করা হয়। পরে কমিশনের পক্ষ থেকে মিয়ানমার ও ভারত সীমান্তবর্তী বেশকিছু উপজেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানেও রোহিঙ্গারা ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণের চেষ্টা করছে। সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। ২০১২ সালে কয়েকটি এলাকায় রোহিঙ্গা ও অবৈধ নাগরিকের অভিযোগে ১৭ হাজার রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেয় কমিশন। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য তিনটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবকে প্রধান করে ১৮ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটি, বিভাগীয় কমিশনারকে প্রধান করে ১২ সদস্যের ৮টি বিভাগীয় সমন্বয় কমিটি এবং জেলা প্রশাসককে প্রধান করে ১৮ সদস্যের জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ঠেকাতে থাকছে বিশেষ কমিটি। স্পর্শকাতর উপজেলায় টিএনও, জনপ্রতিনিধি এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এবার তিন ধাপে দেশের ৫১৪টি উপজেলা ও থানায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। প্রথম ধাপে ১৮২ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ থেকে ২৪ মে পর্যন্ত এ হালনাগাদ চলবে। এরপর দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত ২১৯ উপজেলায় এবং শেষ ধাপে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১১৩ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
