ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর দল দেশজুড়ে সাড়া ফেলে দিতে সক্ষম হলেও ত্রিমুখি লড়াইয়ের কারণে তার নিজ আসন বারানসিতেই জয় কঠিন হয়ে যেতে পারে। কারণ এই আসনে মোদীকে মোকাবিলা করতে হচ্ছে এমন তিন প্রার্থীর সঙ্গে যাদের কেউ কারো চেয়ে কম ‘ওজনদার’ নন। কেউ কাউকে প্রচারণাযুদ্ধে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না। এখানে নরেন্দ্র মোদীকে মোকাবিলায় প্রস্তুত কংগ্রেসের অজয় রায় এবং আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। মুলায়াম সিং যাদবের সমাজবাদী পার্টিও প্রচার-প্রচারণায় খুব একটা পিছিয়ে নেই। আগামী ১২ মে বারানসিতে এই বহুল আলোচিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতের বিভিন্ন মিডিয়া বারানসি আসন নিয়ে এমন তথ্য দিয়েছে।
মন্দিরের শহর বারানসির মানুষ এবারই প্রথম লোকসভার নির্বাচনের উত্তাপটা ভালোই উপভোগ করছেন। প্রতিদিন এখানে রোডশো সভা-সমাবেশ হচ্ছে। যে বারানসির মানুষ শংখ, মন্দিরে ঘণ্টার আওয়াজ আর উলুধ্বনি শুনতে অভ্যস্থ তারা এখন শুনছে নির্বাচনের নানা রকম শ্লোগান।
কংগ্রেস তার ১০ বছরের উন্নয়ন অগ্রগতির কথা বলে, বিজেপি গুজরাট মডেলে বারানসিতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে, আর আম আদমী দুর্নীতি ভ্রষ্টাচার দূর করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি মোদীর দুর্নীতি এবং কিছু শিল্পপতিদের বেআইনীভাবে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দেয়ার প্রতিবাদ করার জন্যে এই এলাকা থেকে নির্বাচন করতে এসেছেন। মোদী প্রধানমন্ত্রী হলে তিনি দেশকে শিল্পপতিদের কাছে ইজারা দিয়ে দিবেন বলে অভিযোগ তোলেন। তিনি আরো বলেছেন, একজন শিল্পপতিকে মাত্র ১ রুপি মিটার দরে জমি বিক্রি করে দিয়েছেন মোদী। ১ রুপি মিটারে একজন শিল্পপতিকে জমি দেয়ার বিষয়টি এখন ভারতের লোকসভা নির্বাচনে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও তৃনমূল নেত্রী মমতাসহ সকল রাজনৈতিক দল মোদীর বিরুদ্ধে এই অস্ত্রটি ব্যবহার করছেন।
মন্দিরের শহর বারানসিতে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিপুল ভোটে জয় লাভ করার যে আশা নিয়ে গুজরাট থেকে মোদী এখানে নির্বাচন করছেন, তা খুব একটা কাজ করবে বলে সেখানকার মানুষ মনে করেন না। মোদি বারানসি যাবেন ৭ মে। মোকতার আনসারী গত লোকসভা নির্বাচনে বহুজন সমাজবাদী দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ১৭ হাজার ভোটে হেরেছিলেন। তিনি কংগ্রেসের প্রতি সমর্থন দিয়েছেন। তার সমর্থকরা এখন কংগ্রেসের হয়ে কাজ করছেন। বারানসি আসনে মোট ভোটার ১৬ লাখ। এর মধ্যে মুসলিম ভোটার প্রায় ৪ লাখ। গত দুটি নির্বাচনে এই আসন বিজেপি জয়লাভ করেছিল।
