জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, ‘ জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর । মঞ্জুর বিদ্রোহ করায় বিএনপির তত্কালীন প্রেসিডেন্ট আব্দুস সাত্তার আমাকে সেই বিদ্রোহ দমন করতে বলেছিলেন। আমি সফলভাবে তা সম্পন্ন করায় তিনি আমাকে থ্যাংকস লেটার দিয়েছিলেন। প্রেসিডেন্ট সাত্তার জড়িতদের ফাঁসির আদেশের অনুমোদন দিয়েছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর ৩৩ বছর পর খালেদা জিয়ার বক্তব্যে আমি বিস্মিত হয়েছি।’
গত রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেক্টর কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যার জন্য জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে দায়ী করেন। একই সঙ্গে তিনি এরশাদের বিচারের অঙ্গীকার করেন। এ প্রসঙ্গে এরশাদের প্রতিক্রিয়া জানতে চাইলে গত রবিবার রাতে পল্লী নিবাস বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল, খালেদা জিয়া কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন, তখন তারা এই প্রশ্ন কখনো তুলেননি।’
এরশাদ বলেন, ‘এর আগে সংসদ নির্বাচনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া আমার সাথে জোট করার বিষয়ে আলোচনা করেছিলেন। তাহলে কি তারেক জিয়া খুনীর সাথে জোট করতে চেয়েছিলেন?’ তিনি বলেন, ‘মঞ্জুর হত্যার ১৪ বছর ৯ মাস পর বিএনপি এ হত্যা মামলা দায়ের করে। মামলাটি এখনও বিচারাধীন। আদালতে বিচারাধীন মামলা সম্পর্কে মন্তব্য করায় খালেদা জিয়া অন্যায় করেছেন।’
ভবিষ্যতে বেগম খালেদা জিয়াকে এ জাতীয় বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে এরশাদ বলেন, ইতিহাসে কার কী স্থান সেটা সবাই জানে।
