নাইজেরিয়ায় ২৩০ স্কুলছাত্রীকে বিক্রির হুমকি জঙ্গিদের

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৫৮
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুল থেকে গত মাসে কয়েকশ’ ছাত্রীকে অপহরণ করার দায় স্বীকার করেছে মুসলিম জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এখনো প্রায় ২৩০ জন ছাত্রীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার এএফপি’র একটি ভিডিওতে বোকো হারামের নেতা আবুবকর শেকাউ ছাত্রী অপহরণের স্বীকারোক্তি দিয়ে বলেন, ‘আমি আপনাদের মেয়েদেরকে অপহরণ করেছি। আল্লাহর নামে আমি তাদের বাজারে বিক্রি করে দিব। তিনি আরো বলেন, মানুষ কেনাবেচার জন্য একটি মার্কেট আছে। আল্লাহ আমাকে বলেছেন মেয়েগুলোকে সেখানে বিক্রি করে দিতে। তিনি আমাকে আদেশ দিয়েছেন। আমি সেটা না করে পারি না। আমি নারীদের বিক্রি করি।’ বোকো হারাম অর্থ ‘পাশ্চাত্য শিক্ষা পাপ’। এই ভিডিওতে তিনি বার বার পাশ্চাত্য শিক্ষা বন্ধ করতে বলেন। তিনি আরো বলেন, মেয়েদের এই শিক্ষা না দিয়ে বিয়ে দেয়া উচিত। গত ১৬ এপ্রিল দেশটির রাজধানী আবুজার উপকণ্ঠে ভয়াবহ বোমা হামলায় ৭৫ জন নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিপুল সংখ্যক ছাত্রী অপহরণের ঘটনাটি ঘটে। চিবোক এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চড়াও হয় জঙ্গিরা। তারা স্কুলটির পাহারায় থাকা সেনা ও পুলিশদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এর আগে স্কুলটির কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয় তারা। রাজ্যের প্রধান শহর মাইদুগুরিতে পালিয়ে আসা চিবোকের এক শিক্ষা কর্মকর্তা ইমানুয়েল স্যাম জানান, অস্ত্রধারীদের হামলার মুখে টিকতে না পেরে নিরাপত্তা বাহিনী পিছু হটলে স্কুলের দখল নেয় জঙ্গিরা। তারপর স্কুল ছাত্রীদের জোর করে ট্রাকে তুলে নিয়ে যায় তারা। কর্তৃপক্ষ এই ঘটনার জন্য বোকো হারামকে দায়ী করেন। বোকো হারামের এসব সন্ত্রাসী তত্পরতা নাইজেরিয়ার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দিয়েছে।