আজ ২৯ নভেম্বর গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র আত্মঘাতী বোমা হামলার ১৩তম বার্ষিকী। ২০০৫ সালের এ দিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে জেএমবি জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা হামলায় ৪ জন আইনজীবী, ৪ বিচারপ্রার্থী নিহত হন। হামলায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরো একজন আইনজীবী মারা যান।
নৃশংস এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন- আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন। নিহত বিচারপ্রার্থীরা হলেন- আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতী জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম। এর দুই দিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারো জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে জেএমবি’র এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত এবং সাংবাদিক আমিনুল ইসলাম, বেলাল হোসেন, নজরুল ইসলাম বাদামীসহ ২৫ জন আহত হন।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, জেএমবির বোমা হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজধারণ ও কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল। এসব অনুষ্ঠানে জেলা জজ এ কে এম এনামুল হক, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
দুই দফা হামলায় হতাহতের ঘটনায় পুলিশ সর্বমোট ২১টি মামলা দায়ের করে। মামলাগুলোর মধ্যে কয়েকটির বিচারকার্য সম্পন্ন হয়েছে এবং অন্য মামলাগুলোর বিচার কাজও প্রায় শেষ হওয়ার পথে রয়েছে বলে জানা গেছে।
