টাইমস অব ইন্ডিয়ায় মোদীর সাক্ষাত্কার

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় যেতে পারব

আপডেট : ০৬ মে ২০১৪, ২৩:২০
ভারতের চলতি লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার সাথে এক সাক্ষাত্কারে তিনি নিজেকে দিল্লিতে ‘বহিরাগত’ বলে মন্তব্য করে বলেছেন, রাজনীতিতেও তিনি ‘বহিরাগত’। পত্রিকার সাথে সাক্ষাত্কারে তিনি তার কল্পিত সরকারের অর্থনীতি, পরিবেশ, প্রতিরক্ষা, আভ্যন্তরীন নিরাপত্তা, পাকিস্তান নীতি, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ইত্যাদি নিয়ে কথা বলেন। ২০০৪ এবং ২০০৯ সালেও বিজেপি জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছিল। এমনকি কয়েকজন বিজেপি নেতা তখন আগাম দফতর বন্টনও করে নিয়েছিলেন। কিন্তু তারপরেও হতাশ হতে হয়েছিল। এবার এত মনের জোর পাচ্ছেন কিভাবে এমন প্রশ্নে মোদী বলেন, আমার জনসভাগুলো যারা দেখেছে তারা প্রত্যেকেই এমন আশা পোষণ করছে। প্রত্যক্ষদর্শী কিংবা মিডিয়া সবাই বলছে আমার জনসভার মতো এত বড় সমাবেশ তারা কখনো দেখেননি। দেশজুড়ে বিজেপি হাওয়া বইছে সুতরাং এটা সহজে অনুমেয় যে আমরাই ক্ষমতায় যাচ্ছি। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে মোদী আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত তার দলই বিজয়ী হবে। মানুষ কংগ্রেসের দুর্নীতিকে না বলবে।