নারায়ণগঞ্জের বন্দর থেকে গাজীপুরের উদ্দেশে বের হওয়া ব্যবসায়ী আমানউল্লাহ নিখোঁজ বা অপহূত হননি। পাওনাদারদের টাকা জোগাড় করতে না পেরে তিনি নিজেই গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে পরিবারের সদস্যদের বরাত দিয়ে বন্দর থানার ওসি আকতার মোর্শেদ জানান, আমানউল্লাহ মঙ্গলবার রাতেই বাড়ি ফিরে আসবেন বলে পরিবারের লোকদের আশ্বস্ত করেছেন। তিনি বর্তমানে মাগুরায় তার এক আত্মীয়র বাড়িতে রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার দিকে মাল কেনার জন্য ৪ লাখ টাকা নিয়ে বন্দর থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হন আমানউল্লাহ। এরপর সকাল ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তখন ধারণা করা হয় যে, তাকে অপহরণ করা হয়েছে।
ওসি আরো জানান, আমানউল্লাহ পাওনাদারদের টাকা জোগাড় করতে না পেরে গা-ঢাকা দিয়েছেন। আমানউল্লাহ সম্প্রতি মালয়েশিয়া থেকে ফেরত এসেছেন। আবারও মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট প্রস্তুত করেছেন। তার পরিবারের পক্ষ থেকে তাকে ফিরে আসার জন্য অনুরোধ করা হয় এবং তার পাওনাদারের পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে আমানউল্লাহ মঙ্গলবার রাতের মধ্যে ফিরে আসবেন বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন।
ব্যবসায়ী আমানউল্লাহ বন্দরের দক্ষিণ মুছাপুরের মিনার বাড়ি এলাকার মৃত মিছির আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেল গেট এলাকায় গেঞ্জি ও কাপড়ের ব্যবসা করেন। তিনি গাজীপুর থেকে ব্যবসার জন্য মালামাল ক্রয় করে থাকেন।
