সাভারের আশুলিয়ায় বেপরোয়া বাসের চাপায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা মোঃ কবির হোসেন (৫২) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। ৫ দিন মৃত্যুর সাথে লড়ে গতকাল বুধবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত এসআই কবির হোসেন গোপালগঞ্জ জেলার সদর থানার মৃত আবদুল মান্নান হোসেনের ছেলে। তিনি ২০১৭ সালের ১ নভেম্বর আশুলিয়া থানায় যোগদান করে এসআই পদে কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু এসআই কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কাছে কবির হোসেনের মরদেহ হস্তান্তর করা হলে স্বজনরা তারা লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিকালে এসআই কবির হোসেন আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে দায়িত্ব পালন কালে পলাশবাড়ি এলাকায় একটি দ্রুতগামী বাসকে থামানোর সংকেত দিলেও বেপরোয়া বাসটি তাকে চাপা দেয়। তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও কলেজ পড়ুয়া এক মেয়ে রয়েছে।
