ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলোতে মানসম্মত খাবার সংকট দেখা দিয়েছে। এর ফলে বিপাকে রয়েছে আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা। দীর্ঘ সময়ের বন্ধ কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে যখন নিয়মিত ক্লাস শুরু হয় ঠিক সেই সময়ে দেখা যায় এই সমস্যা। শিক্ষার্থীদের খাবার জন্য রয়েছে ডাইনিং-এর ব্যবস্থা। সাধারণত বিশ্ববিদ্যালয় যখন দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয় তখন বন্ধ করে দেওয়া হয় ডাইনিং। কিন্তু ছুটি কাটিয়ে ক্লাস শুরু হওয়ার বেশ কয়েকদিন কেটে গেলেও চালু হয় না ডাইনিং ব্যবস্থা। ফলে ছাত্রছাত্রীদের বাধ্য হয়ে খেতে হয় নিম্নমানের খাবার ,যা স্বাস্থ্যসম্মত নয়। এর ফলে ভোগান্তিরও শেষ নেই— দেখা দেয় গ্যাসট্রিক ও আলসারসহ নানা সমস্যা। ডাইনিং-এর খাবার মান আরো উন্নত করা প্রয়োজন। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে শীঘ্রই ডাইনিংগুলোতে মানসম্মত খাবার পরিবেশন করা হয়।
মো. শাকিল হোসেন,
শিক্ষার্থী, ভেটেরিনারি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
