চৌদ্দগ্রামে গ্রাহকের ৮০ কোটি টাকা নিয়ে উধাও ‘আল হামরা’ গ্রুপ!

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৫
মানববন্ধন ও প্রতীকী অনশন :চেয়ারম্যান হাজতে চৌদ্দগ্রামে গ্রাহকের ৮০ কোটি টাকা নিয়ে উধাও সমবায়ী প্রতিষ্ঠান আল-হামরার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীকে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার গ্রাহকরা টাকা প্রাপ্তি ৩ প্রতারককে গ্রেফতার ও শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও প্রতিকি অনশন করে। মামলা সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের মফিজুর রহমান চৌদ্দগ্রাম বাজারস্থ ‘আল-হামরা মাল্টিপারপাস কো-অপারেটিভ’ ও ‘নোভেল কটন স্পিনিং মিলস লিমিটেড’ এর গ্রাহক হন। ২০১২ সাল হতে বিভিন্ন তারিখে গ্রাহকদের ৮০ কোটি টাকা গ্রহণ করে। সমপ্রতি তারা গ্রাহকদের টাকা না দিয়ে প্রতিষ্ঠান বন্ধ রেখে হয়রানি করতে থাকে। গত ১৬ এপ্রিল গ্রাহকরা একত্রিত হয়ে টাকা চাইতে গেলে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরার সফিউল আলম ভূঁইয়া নয়ন ও পরিচালক ঘোলপাশা ইউনিয়নের জুগিরখিল গ্রামের মাহাবুবুল হক মজুমদার স্ট্যাম্পে টাকা ফিরিয়ে দেয়ার অঙ্গীকার করেন। ২৩ এপ্রিল গ্রাহক মফিজসহ অন্যরা আবার টাকা চাইতে গেলে উল্লেখিতরা গালমন্দ ও হুমকি ধমকি দেন। গত মঙ্গলবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী কুমিল্লার আদালতে আসলে গ্রাহকরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে গ্রাহক মফিজুর রহমান বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। চৌদ্দগ্রাম থানা জানায়, আটককৃত আসামি মোহাম্মদ আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।