কমলগঞ্জে তালাবদ্ধ ঘরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৫
কমলগঞ্জ উপজেলার পদ্মছড়া চা বাগানে গত মঙ্গলবার রাতে নির্যাতনের পর তালাবদ্ধ ঘরে স্ত্রী স্বপ্না মুণ্ডা (২৬) নামে দুই সন্তানের মাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে স্বামী স্বপন মুণ্ডা। এ ঘটনায় স্বামী স্বপন মুণ্ডাকে পুলিশ গ্রেফতার করেছে। এতে অবুঝ দুই শিশুর জীবনে নেমে এসেছে কালো মেঘ। প্রত্যক্ষদর্শী আরতি মুণ্ডাসহ চা শ্রমিকরা জানান, কয়েক দিন ধরে স্বপন মুণ্ডা মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনার দিন রাতে স্বপন বৃষ্টি মুণ্ডা (৪) ও সঞ্জিত্ মুণ্ডাকে (৩) পাশের বাড়িতে রেখে স্ত্রী স্বপ্নাকে ঘরের ভেতরে বেঁধে আগুনে পুড়িয়ে দেয়। আগুনে দু’টি ছাগল ও তিনজন চা শ্রমিকের বসত ঘর পুড়ে গেছে। চা বাগান ব্যবস্থাপক, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন। কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক বলেন, গ্রেফতারকৃত স্বপন মুণ্ডা স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন।