দণ্ডিত পরীক্ষার্থীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ!

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৭
ময়মনসিংহের নান্দাইলে আবু হানিফ নামে এক ভুয়া পরীক্ষার্থীকে মঙ্গলবার এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পর ভ্রাম্যমাণ আদালতের হেফাজত থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছাত্রলীগ নামধারী কিছু উচ্ছৃঙ্খল যুবক। এতে ব্যর্থ হয়ে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ম্যাজিস্ট্রেটকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিত কিছুটা শান্ত হয়। আবু হানিফ কিশোরগঞ্জ জেলার ওয়ালি নেওয়াজ খান কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। সে ধুরুয়া গ্রামের আবু তাহেরের ছেলে। খুররম খান চৌধুরী কলেজ পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. আনিছুল হক ভুঁইয়া জানান, আবু হানিফের চেহারার সাথে প্রবেশপত্রের ছবিতে গড়মিল দেখা দিলে কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞেস করলে সে নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রনি রায়হানের হয়ে পরীক্ষা দিচ্ছে বলে স্বীকার করলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। পরে নান্দাইল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে আবু হানিফ আদালতের কাছে মো. রনি রায়হান আকন্দের হয়ে পরীক্ষা দেয়ার কথা স্বীকার করে।