ডিসিসি দক্ষিণের প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে রুল

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:২৪
আদালতের আদেশ অমান্য করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। ঢাকা সিটি কর্পোরেশনের ৮৮ জন কর্মচারীকে রাজস্ব খাতে স্থায়ী করার লক্ষ্যে ২০০৮ সালে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এ রিটের শুনানি শেষে ২০০৯ সালের ২৩ জুলাই হাইকোর্ট ৮৮ জন কর্মচারীকে স্থায়ী করার নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে সিটি করপোরেশন। ২০১৩ সালের ৬ মার্চ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনকে দুইভাগে বিভক্ত করা হয়। আদালতের দেয়া এ আদেশ কার্যকর না করায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ।