শেকৃবিতে শিক্ষকদের বাসা বরাদ্দে অনিয়ম

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:২৫
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নির্ধারিত আবাসিক ভবনে বাসা বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। মূল বেতন এবং চাকরির বয়স অনুযায়ী করা তালিকার সিরিয়াল উপেক্ষা করে বাসা বরাদ্দ দেয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষক অভিযোগ করেছেন। তারা বলেন, বাসা বরাদ্দের জন্য একটি তালিকা করেছে সংশ্লিষ্ট কমিটি। অথচ বাসা বরাদ্দের ক্ষেত্রে তালিকার সিরিয়াল মানা হয়নি। তালিকায় থাকা ১৫তম স্থানে থেকেও একজন শিক্ষক পছন্দের বাসা পেয়েছেন। আমরা এ বিষয়ে প্রশাসনকে মৌখিকভাবে বলেছি। কিন্তু প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে, যা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে। জানা গেছে, তালিকায় ১৫তম স্থানে থাকা শিক্ষক দেশের বাইরে রয়েছেন। তার বর্তমান বাসায়ও তার স্বজনরা অবস্থান করছেন দীর্ঘ দিন ধরে। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন সিনিয়র শিক্ষক বলেন, কমিটিতে থাকা একজন সহযোগী অধ্যাপক অধ্যাপকদের ডেঙ্গিয়ে বাসা পেয়েছেন। অথচ অনেক অধ্যাপকের চাহিদা থাকা সত্ত্বেও বাসা পাচ্ছেন না। বাসা বরাদ্দ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ জানান, বাসা বরাদ্দ কমিটি থেকে কোন অনিয়ম করা হয়নি। এ কমিটি সুপারিশ করার ক্ষমতা রাখে। বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। সকল বিষয় বিবেচনা করে কমিটি সুপারিশ করেছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।