বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের কমান্ডিং অফিসারসহ তিনজনকে অবসরে পাঠানো হয়েছে। কিন্তু সকল সুযোগ-সুবিধাসহ অবসরে পাঠিয়ে বরং সরকার তাদের পুরস্কৃত করেছে। এভাবে অবসর দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বলেন, শুধু অবসর নয় এই তিন কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতার করে কারাগারে পাঠাতে হবে। তাদের রিমান্ডে নিয়ে কিভাবে কোথায় কি হয়েছে, তা বের করতে হবে। বুধবার সুপ্রিম কোর্ট বার আয়োজিত এক প্রতিবাদ সভায় খন্দকার মাহবুব এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সাতজনকে গুম ও হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
