সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা নিহত

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:৫৩
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুশখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম (৪৭) নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার ভদ্রখালীতে এ ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, ‘বন্দুকযুদ্ধে’ এক এসআইসহ পাঁচ জন আহত হয়েছে। নিহত আশরাফুল উপজেলার ঠেকরা গ্রামের আদম আলীর ছেলে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, গাছ কাটা ও সহিংসতাসহ একাধিক মামলার আসামি আশরাফুল ইসলাম কয়েকজন জামায়াত-শিবির কর্মীর সঙ্গে ভদ্রখালী হাইস্কুল মাঠে গোপন বৈঠক করছে- এমন খবরের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৫/৬ টি ককটেল ও গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ১৯ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হন আশরাফুল ইসলাম। আহত আশরাফুলকে দ্রুত কালিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন । এদিকে জেলা জামায়াতের সহ-সম্পাদক আজিজুর রহমান ও নিহতের স্বজনরা দাবি করেছেন, জামায়াত নেতা আশরাফুলকে মঙ্গলবার রাত ১২টার দিকে তার বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে ভদ্রখালী হাইস্কুল মাঠে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মহসিন তালুকদার, সিপাহী কামাল, শহিদুল, জব্বার ও আহাদ। তাদেরকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।